ট্রেনে নিখোঁজ আসামের নৃত্যশিল্পীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ফেরার পথে নিখোঁজ হওয়া আসামের এক ২০ বছর বয়সী তরুণী নৃত্যশিল্পীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শ্রীকাকুলাম জেলার মালয়াপুরম এলাকার বনাঞ্চলের রেললাইনের পাশ থেকে তার নিথর দেহ পাওয়া যায়। নিহত তরুণী আসামের কামরূপ জেলার বাসিন্দা এবং গুয়াহাটির বি বরুয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।
একটি নাচের দলের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে বিশাখাপত্তনমে এসেছিলেন ওই তরুণী। আগামী ১০ই অক্টোবর গুয়াহাটিতে ব্যাংকের নিয়োগ পরীক্ষা থাকায় তিনি দলের অন্যদের আগেই একা ফেরার সিদ্ধান্ত নেন। ট্রেনে ওঠার পর থেকেই তিনি তার পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।
স্বজনদের অভিযোগ অনুযায়ী, ভ্রমণের সময় তিনি ট্রেনের বগিতে প্রচণ্ড ভিড় এবং চারপাশে অনেক পুরুষ মানুষের উপস্থিতির কথা জানিয়ে আতঙ্কিত হয়ে মেসেজ পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘আমার চারপাশে অনেক পুরুষ মানুষ, খুব ভয় করছে।’ এরপর ৬ই অক্টোবর ভোরের পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরিবারের পক্ষ থেকে রেলওয়ে পুলিশ ও হেল্পলাইনে অভিযোগ দায়েরের পর তল্লাশি শুরু হয়। একপর্যায়ে ট্রেনের ‘এস-টু’ বগি থেকে তার ব্যাগ ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরই শ্রীকাকুলামের নির্জন রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে নাকি এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা বা সহিংসতার সংশ্লিষ্টতা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এছাড়া বিশাখাপত্তনম স্টেশনের সিসিটিভি ফুটেজে তরুণীর সঙ্গে দেখা যাওয়া এক অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।




























