এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
- আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ পণ্যের ক্ষেত্রে এই সুবিধা ভোগ করছে। এলডিসি থেকে উত্তরণের পরবর্তী তিন বছর পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে এবং এরপরও ৯২ শতাংশ পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে, যার মধ্যে তৈরি পোশাকও অন্তর্ভুক্ত রয়েছে।
রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর দ্বিতীয় দিনে এ কথা জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ। অর্থ খাত, ফ্যাশন, শিক্ষা ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করেছে। বাংলাদেশ যখন এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন এই প্রক্রিয়াকে মসৃণ ও টেকসই করে তোলাই তাদের মূল লক্ষ্য।
যুক্তরাজ্যের ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’-কে বিশ্বের অন্যতম সহজ ও উদার বাণিজ্য সুবিধা হিসেবে উল্লেখ করে সারাহ কুক বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে আরও আধুনিক ও কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকাকে প্রতিফলিত করে।
বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি নিরাপত্তা সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন হাইকমিশনার। তিনি বলেন, একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের কৌশলগত দায়িত্ব ও ভূমিকা যুক্তরাজ্য স্বীকার করে। এছাড়া অর্থনৈতিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং জলবায়ু-জনিত ঝুঁকির মতো সমসাময়িক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রথাগত গণ্ডি ছাড়িয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপরও জোর দেন সারাহ কুক।



























