গাজী নজরুলের বিরুদ্ধে মামলায় আপস করলেন মরিয়মের বাবা
- আপডেট সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আপস মীমাংসা করেছেন মামলার বাদী ও মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে তিনি আসামিপক্ষের পক্ষে একটি হলফনামা দাখিল করেন।
আদালতে হলফনামা দেওয়ার সময় মরিয়মের বাবা জানিয়েছেন যে, বর্তমানে কারাগারে থাকা গাজী নজরুল এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে তার কোনো আপত্তি নেই। আদালত এসময় বাদীর জবানবন্দী গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।
এর আগে, গত সোমবার দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে ওইদিন তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছিলেন যে, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। অন্যদিকে, তার দ্বিতীয় স্ত্রী মরিয়মকে শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মাঝে রাত কাটাতে হতো।



























