জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর
- আপডেট সময় : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে শুনানির পর বিচারক এই আদেশ দেন। শুনানিতে আদালত মন্তব্য করেন যে, বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মাসুম মিয়া জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দুপুরের পর পুলিশ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে কয়েকশ মানুষকে হেফাজতে নেয়। পরে যাচাই-বাছাই শেষে পল্টন থানায় নেওয়া ব্যক্তিদের মধ্য থেকে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাকি ২৪৯ জনকে রোববার ছেড়ে দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে রোববার আদালতে ২৭ জনকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আবেদনে দাবি করা হয়, জাসদ কার্যালয়ে অবস্থান করে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের সময় সেখানে উপস্থিত থাকার বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলেও পুলিশ জানায়। রোববার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন ধার্য করেছিলেন।
সোমবার শুনানিতে আসামিপক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত ও তাছলিমা জাহান পপিসহ কয়েকজন জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও হারুন-অর-রশীদ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৪

























