সাইবার আইন নিপীড়নমূলক হবে না, স্টেকহোল্ডারদের সাথে আলোচনায় সরকার
- আপডেট সময় : ০২:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সাইবার সুরক্ষা আইন যেন কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত না হয়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই আইনের খসড়া বিলটি মন্ত্রিসভায় আলোচনার পর সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও আইটি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাজের সব স্তরের মানুষের মতামত গ্রহণের জন্য খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। সেখান থেকে শিক্ষার্থী, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে তা সংকলন করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের উল্লেখযোগ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, সম্পাদক এবং সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গেও সরকার কথা বলেছে। তিনি স্পষ্ট করেন যে, এই আইনটি গণমাধ্যমকে টার্গেট করে করা হচ্ছে না এবং কোনো সাংবাদিক যেন এর শিকার না হন, সেটিই সরকারের লক্ষ্য।
সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নেওয়ার একটি প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া আপিল নিষ্পত্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে কেউ অনির্দিষ্টকাল আইনি জটিলতায় ঝুলে না থাকে।
আলোচনা শেষে মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সংশোধনী ছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট পাস হলে বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হবে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এই আইনের খসড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি কার্যকর হলে প্রতিবন্ধকতা তৈরি হবে। তিনি এ আইনে মোবাইল কোর্টের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং মিডিয়ার সুরক্ষায় সবাইকে মিলে একটি ভালো প্রস্তাব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

























