সিলেটে বাণিজ্যমেলা নিয়ে মুখোমুখি দোকান মালিক ও উইমেন চেম্বার
- আপডেট সময় : ০৯:০০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সিলেটে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বাণিজ্যমেলা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও আয়োজনকারীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। নগরের শাহী ঈদগাহ মাঠে আগামী ১০ই অক্টোবর থেকে এই মেলা শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় দোকান মালিকরা এর তীব্র বিরোধিতা করছেন। ইতিমধ্যে মেলা বন্ধের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, মেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে উইমেন চেম্বার।
‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্যমেলা ২০২৬’ নামের এই আয়োজনের প্রস্তুতি যখন প্রায় শেষ পর্যায়ে, তখন সিলেট দোকান মালিক সমিতি এবং বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, এই মেলা অনুষ্ঠিত হলে স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। এ নিয়ে গত বুধবার রাতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন জানান, বর্তমান পরিস্থিতিতে কর্মচারীদের বেতন, দোকান ভাড়া ও আনুষঙ্গিক খরচ মেটাতেই স্থানীয় ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন। এমন সময়ে একাধিক মেলা আয়োজন স্থানীয় ব্যবসার জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে। তিনি স্পষ্ট করেন যে, ব্যবসায়ীরা মেলার বিরোধী নন, তবে প্রচলিত বাণিজ্য নীতি মেনে জেলায় বছরে একটি আন্তর্জাতিক মেলা হলে তারা সহযোগিতা করবেন। এছাড়া আসন্ন দুর্গাপূজা ও চলমান লোডশেডিংয়ের মধ্যে এই মেলার আয়োজন সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে বলে তিনি মন্তব্য করেন। উদ্ভূত পরিস্থিতিতে মেলা বন্ধ করতে তারা সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা প্রশাসক এবং এসএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় রাজপথে আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে।
অপরদিকে, মেলা সফল করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার বাণিজ্যমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন সিলেট উইমেন চেম্বারের নেত্রীরা। স্মারকলিপিতে তারা মেলা চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
উইমেন চেম্বারের নেতারা জানান, সিলেটের স্থানীয় ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য এবং সৃজনশীলতাকে বড় পরিসরে ক্রেতাদের সামনে তুলে ধরাই এই মেলার মূল লক্ষ্য। এর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা জানান, মেলার জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদন ও কর্তৃপক্ষের অনুমতি যথাযথভাবে নেওয়া হয়েছে। তারা কারও সঙ্গে বিরোধে না জড়িয়ে পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে মেলাটি সফল করতে চান। স্থানীয় ব্যবসায়ীদের আপত্তির বিষয়টিও তারা জেলা প্রশাসককে অবহিত করেছেন।



























