টকশোতে তথ্য-উপাত্ত নিয়ে পাল্টা জবাব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ১০:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

টেলিভিশন টকশোতে অংশ নেওয়া দলীয় নেতাদের পর্যাপ্ত তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনায় যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টকশোতে সরকারের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্যের যথাযথ ও যৌক্তিক পাল্টা জবাব দিতে তিনি এই নির্দেশনা দেন।
শুক্রবার রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই বিশেষ বৈঠকে টকশোতে অংশ নেওয়া ১০০ জনেরও বেশি দলীয় নেতা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৈঠক সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি সরকারপ্রধান হিসেবে তাঁদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি উল্লেখ করেন, বিভিন্ন টকশোতে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়ে থাকে। এসব মিথ্যার বিপরীতে সঠিক তথ্য তুলে ধরে উপযুক্ত জবাব দিতে নেতাদের সবসময় পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও উপাত্ত সাথে রাখার আহ্বান জানান তিনি।




























