কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন অন্তত ২৪ শিক্ষার্থী
- আপডেট সময় : ০৯:২৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির বুকাভু শহরে অবস্থিত দুটি স্কুলে এই অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে গিয়ে হুড়োহুড়িতে কমপক্ষে ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় শিক্ষার্থী ছাড়াও কয়েকজন প্রাপ্তবয়স্কের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের তীব্রতায় প্রায় ৩০০টিরও বেশি ঘরবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ডিআর কঙ্গোর সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভু দেশটির পাহাড়ি অঞ্চলের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখল করে নিয়েছিল।




























