বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো ইসরাইল
- আপডেট সময় : ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হাই হলি ডেজ’ এবং হামাসের ৭ অক্টোবরের হামলার আসন্ন বার্ষিকীকে সামনে রেখে বাংলাদেশসহ কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইসরাইল। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) এই ভ্রমণ সতর্কতা জারি করেছে। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রার ঝুঁকি রয়েছে উল্লেখ করে নাগরিকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইসরাইলের এনএসসি জানিয়েছে, ইহুদিদের ধর্মীয় গুরুত্বপূর্ণ সময়কে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরাইলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। তাদের দাবি, বিদেশে অবস্থানরত ইসরাইলিদের জন্য ইরান এবং তাদের সহযোগী প্রক্সি গোষ্ঠীগুলোই বিশ্বব্যাপী এই হুমকির প্রধান উৎস। এছাড়া বিশ্বজুড়ে ইসরাইলবিরোধী বক্তব্য ও উসকানি বৃদ্ধি পাওয়ার কারণেও হামলার ঝুঁকি অনেক বেড়েছে।
উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশের নাম রয়েছে। এগুলো হলো— সোমালিয়া, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া এবং আলজেরিয়া। ইসরাইলি নাগরিকদের এসব দেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এনএসসি সতর্কবার্তায় আরও বলেছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনা ও সহিংস বিক্ষোভের পাশাপাশি সন্ত্রাসী হামলার ঝুঁকিও বাড়তে পারে। এ পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত ইসরাইলিদের প্রকাশ্যে কোনো ধরনের ইসরাইলি বা ইহুদি ধর্মীয় প্রতীক প্রদর্শন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক সংঘাত ও বিক্ষোভের স্থান থেকে দূরে থাকতে এবং ইহুদিদের সমাবেশস্থলের আশপাশে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের তাৎক্ষণিক অবস্থান বা লোকেশন প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে বিদেশ ভ্রমণের সময় ইসরাইলিদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে বিশেষভাবে অনুরোধ করেছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।




























