বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান
- আপডেট সময় : ০১:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে পুনরায় বিচারিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। এই নির্দেশনার পর তিনি সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর বেঞ্চে একক দেওয়ানী মামলার শুনানি পরিচালনা শুরু করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে হাইকোর্টের বেঞ্চের কার্যতালিকায় বিচারপতি মো. আব্দুল মান্নানের নাম ও বিচারিক এখতিয়ার অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, প্রধান বিচারপতির এখতিয়ার অনুযায়ী তাকে নতুন করে বিচারকাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে বিচারপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে। ওই অনুষ্ঠানে তিনি নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং হুমকি দেন বলে অভিযোগ রয়েছে, যার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ঘটনার প্রেক্ষিতে প্রধান বিচারপতি গত এপ্রিলে তাকে বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। সে সময় প্রধান বিচারপতি কর্তৃক গঠিত ৬৩টি বেঞ্চের তালিকায় তার নাম রাখা হয়নি। উল্লেখ্য, বিচারপতি মো. আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। হাইকোর্টে আসার আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।





























