যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে তৈরির ঘোষণা
- আপডেট সময় : ১১:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত একটি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে মন্ত্রীর নিজ বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য প্রকাশ করেন। সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিন এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে নাগরিক সমাজের নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট এড়াতে বিকল্প পথ হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর দিয়ে একটি মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। একই সঙ্গে তারা মহাসড়কের সীতাকুণ্ড অংশের বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানান।
প্রতিনিধিদলের এসব প্রস্তাবের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী সরকারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের বৃহৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
পরে সীতাকুণ্ড নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণ করা সহ এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবি জানানো হয়।





























