কোয়েম্বাটোরে শ্লীলতাহানির হাত থেকে নারীকে বাঁচালো পথকুকুর, ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ০৮:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে এক নারীকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করেছে একদল পথকুকুর। মদ্যপ এক কিশোরের আক্রমণ থেকে ওই নারীকে বাঁচাতে কুকুরগুলোর এগিয়ে আসার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা কুকুরগুলোর এমন বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ।
গত ৩ সেপ্টেম্বর রাতে কোয়েম্বাটোরের থুদিয়ালুর এলাকায় এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে নির্জন গলিতে মদ্যপ অবস্থায় এক কিশোর এক নারীর ওপর ঝাঁপিয়ে পড়ে শ্লীলতাহানির চেষ্টা করছে। ঠিক তখনই রাস্তার কয়েকটি কুকুর সেখানে জড়ো হয়ে ক্রমাগত ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরগুলো ওই কিশোরের পায়ে আঁচড় দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা চালায়। একপর্যায়ে কুকুরগুলোর অনবরত চিৎকারে ভয় পেয়ে কিশোরটি ওই নারীকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং কুকুরগুলো তাড়া করে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়।
এই ঘটনায় অভিযুক্ত ১৬ বছর বয়সী ওই কিশোরকে আটক করেছে কোয়েম্বাটোর সিটি পুলিশ। পরে তাকে একটি কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ভুক্তভোগী ৩০ বছর বয়সী ওই নারী সামান্য মানসিক প্রতিবন্ধকতায় ভুগছেন।
তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে যে, ঘটনার দিন রাত দেড়টার দিকে ওই নারীকে শ্লীলতাহানির আগে কিশোরটি মদ্যপ অবস্থায় স্থানীয় একটি দোকানে ঢুকে আগুন ধরিয়ে দিয়েছিল। পরবর্তীতে সেই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সময় পুলিশ এই শ্লীলতাহানির বিষয়টি জানতে পারে। পুরো ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত এখনও চলছে।



























