শিশুর মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল
- আপডেট সময় : ০৪:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

হামে আক্রান্ত এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ছয় বিবাদীকে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রিট আবেদনে বিবাদী করা অপর পাঁচজন হলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকার জেলা প্রশাসক (ডিসি)। আদালতে রিটকারী শাকিলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জুয়েল আজাদ, যার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবিদা আসমা প্রমি।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ মে শ্যামলীর বেবি কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্লার্ক মো. শাকিলের সাত মাস বয়সী শিশু সাফওয়ান ইসলাম জাহিন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। টিকাদান কর্মসূচিতে সংকট ও সরবরাহে গাফিলতির কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে গত ৬ জুলাই হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়। রিটে অবহেলার কারণ অনুসন্ধানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। এছাড়া, অন্তর্বর্তীকালীন নির্দেশনা হিসেবে জরুরি ভিত্তিতে ৫ লাখ টাকা এবং চূড়ান্তভাবে ১ কোটি টাকা ক্ষতিপূরণের আরজি জানানো হয়েছে রিট আবেদনে।



























