নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে হামলাকারীসহ নিহত ২
- আপডেট সময় : ১১:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ার এলাকায় এক নারী দুই হাতে দুটি ছুরি নিয়ে পথচারীদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন। মাত্র ২০ সেকেন্ডের এই ভয়াবহ হামলায় হামলাকারী নারীসহ মোট দু’জন নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, সেভেন্থ অ্যাভিনিউতে হাজার হাজার পর্যটক ও পথচারীর ভিড়ের মধ্যে কোনো ধরনের উসকানি ছাড়াই ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস নামক ওই নারী এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন। এ ঘটনায় পেটে গুরুতর আঘাত পাওয়া ৩২ বছর বয়সী এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ৬৮ বছর বয়সী অপর এক বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, পামেলা সিসনেরোসের মানসিক চিকিৎসার পূর্ব ইতিহাস রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নিয়ন্ত্রণে আনার জন্য টেসার বা বৈদ্যুতিক শক প্রয়োগ করলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষার খাতিরে পুলিশ সদস্যরা গুলি চালালে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, এ ঘটনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বডি ক্যামেরার ফুটেজ দ্রুতই প্রকাশ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


























