পল্লবীতে মাদক নিয়ে দ্বন্দ্ব: ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫
- আপডেট সময় : ০৬:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল এবং তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- ল্যাংড়া রুবেল, হামিদ খান ওরফে মাখন, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ এবং রাব্বী। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে মো. শফিকুল ইসলাম বলেন, গত শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে পল্লবীর সেকশন-১১ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলমগীর নামে এক ব্যক্তি মাথায় ও পেটে গুলিবিদ্ধ হন। একই ঘটনায় জোসনা নামে এক পথচারী নারী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। ভুক্তভোগী আলমগীরের স্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ।
পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার পারভেজ ও রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিং সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ল্যাংড়া রুবেল ও বাপ্পাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, মাদকদ্রব্য বিক্রির লেনদেন নিয়ে বিরোধের জেরে এই গোলাগুলির ঘটনাটি ঘটানো হয়েছে। ল্যাংড়া রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।


























