১৬ই আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ
- আপডেট সময় : ০৮:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৬ই আগস্ট থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় স্কুল ড্রেস বিতরণ সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখার লক্ষ্যে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবেই বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের নকশা চূড়ান্ত করা হয়। এতে মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টসের মডেল নির্ধারণ করা হয়েছে। ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের আরাম, ব্যবহারিক সুবিধা এবং পোশাকে একরূপতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়েছিল। তখন জানানো হয়, প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় এই ইউনিফর্ম বিতরণ করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও জুতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সরকারের এই উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠন সহযোগিতা করবে। এর মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ইতোমধ্যে এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।























