চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০১:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকার মেয়র গলিতে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
ঘটনার পর সাবেক শিক্ষামন্ত্রীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, প্রাথমিক তথ্যে বাসভবনে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকার পতনের পর গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এটি চতুর্থ হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে দুই দফা হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল এবং গত বছরের ডিসেম্বর মাসে বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।




























