ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:২৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর সোহাগী (১৯) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নদী থেকে তার মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, মিরকাদিম পৌরসভার তিলারদীরচর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে দুপুর ২টার দিকে গোসল করতে নামেন সোহাগী। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে যান। তিনি নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কমলাঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল এবং উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে তাদের সাথে উদ্ধার অভিযানে যোগ দেয় মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দল।
দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর অবশেষে সফলতা আসে। এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রায় পাঁচ ঘণ্টা ধরে নদীর তলদেশে ব্যাপক তল্লাশি চালানোর পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে সোহাগীর নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।
উদ্ধার কাজ শেষে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তরুণীর মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর নৌ পুলিশের মাধ্যমে সোহাগীর মরদেহটি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

























