বারিধারায় গাড়িচাপা: কিশোরের জামিন নামঞ্জুর করে বিচারকের কঠোর বার্তা
- আপডেট সময় : ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

রাজধানীর বারিধারায় প্রাইভেট কারের নিচে চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে কিশোরের পক্ষে জামিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী গোলাম মোস্তফা খান। তিনি দাবি করেন, তার মক্কেল নির্দোষ এবং ঘটনার সময় চালক কৌশলে বাঁ পাশ দিয়ে গাড়ি বের করার চেষ্টা করেছিলেন। আইনজীবী আরও জানান, ভুক্তভোগী পরিবারকে ৩ থেকে ৫ লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে এবং বাদীপক্ষ আপত্তির কথা জানায়নি। এ সময় নিহত নির্মাণশ্রমিকের বাবা ও ভাই আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী জানান, ওই কিশোর ১২ দিন ধরে হাজতে রয়েছে।
রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে জানায়, এটি একটি চাঞ্চল্যকর মামলা এবং ওই কিশোরের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। বিচারক সিসিটিভি ফুটেজের প্রসঙ্গ টেনে বলেন, ফুটেজে দেখা গেছে অভিযুক্ত কিশোর গাড়িটি চালাচ্ছে। বিচারক মন্তব্য করেন, 'এখন জামিন পেলে এই মেসেজটা যাবে যে এমন অপরাধ করে, এমন বেপরোয়া গাড়ি চালিয়েও বের হওয়া যাবে। সমাজের কাছে একটা খারাপ মেসেজ যাবে। এই ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। আইন-বিচারকে বিত্তবানেরা ও শিশুরা সহজ ভাববে।'
এর আগে গত ২৪ সেপ্টেম্বর আদালত অভিযুক্ত কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছিলেন। ২৩ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় প্রাইভেট কারের চাপায় মেহেদী হাসান (২৪) নিহত হন। তাঁর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে। ঘটনার পর নিহত মেহেদীর ভাই মোক্তাদির ইসলাম গুলশান থানায় মামলা করেন, যেখানে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়। তবে পুলিশ পরে তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গাড়িচালক কিশোরের সম্পৃক্ততা নিশ্চিত করে এবং তাকে হেফাজতে নেয়।




























