জমজমের পানি দিতে দেরি, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- আপডেট সময় : ১১:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহ করতে বিলম্ব হওয়ার ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। কিন্তু ওমরাহ যাত্রীদের জন্য আনা জমজমের পানি সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি। প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতিকে এই বিলম্বের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিষয়টি নজরে আসার পরপরই ওমরাহ হাজীদের সাময়িক ভোগান্তি কমাতে বিমান কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত পানি বিতরণের ব্যবস্থা করে। পরবর্তীতে অপর কন্টেইনারটি শনাক্ত করে সরবরাহ নিশ্চিত করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার মান ও কাজের দায়বদ্ধতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।



























