দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন চান প্রধানমন্ত্রী: প্রেস সচিব
- আপডেট সময় : ০৬:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনে রুটিন বক্তব্যের বাইরেও প্রধানমন্ত্রী ৩০টি বিভিন্ন ইভেন্টে বক্তব্য রেখেছেন। এবারের সফরের সঙ্গে অতীতের সরকারপ্রধানদের জাতিসংঘ সফরের তুলনা করে তিনি জানান, অতীতে ২৯২ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘে যাওয়ার রেকর্ড থাকলেও, এবার তারেক রহমান মাত্র ৩৫ জন সফরসঙ্গী নিয়ে সাধারণ বিমানে নিউইয়র্কে যাওয়া-আসা করেছেন।
ফ্যাসিবাদের সময়ে মানুষের অধিকার কুক্ষিগত ছিল উল্লেখ করে সালেহ শিবলী বলেন, বাংলাদেশ এখন আলোর পথে যাত্রা শুরু করেছে। এ সময় তিনি সরকারের মানবিকতা ও পরমতসহিষ্ণুতাকে দুর্বলতা হিসেবে না দেখার আহ্বান জানান।


























