স্থগিত হলো সিএনজি ফিলিং স্টেশন বন্ধের অনির্দিষ্টকালের কর্মসূচি
- আপডেট সময় : ০৬:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন তাদের পূর্বঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, তবে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে বলে শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটি এক বার্তায় জানিয়েছে।
মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ২৪ সেপ্টেম্বর মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় সিএনজি খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে গঠিত স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই আন্দোলনের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।
এর আগে, সিএনজি খাতের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় আপাতত সেই কঠোর কর্মসূচি থেকে সরে এসেছে তারা।
উল্লেখ্য, সিএনজি খাতের দাবি আদায়ের লক্ষ্যে মালিক সমিতি এর আগেও সরকারকে সহযোগিতার স্বার্থে একাধিক কর্মসূচি প্রত্যাহার বা স্থগিত করেছিল। গত ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন প্রতীকীভাবে বন্ধ রাখার কর্মসূচিও পরে প্রত্যাহার করা হয়। এছাড়া ২৩ আগস্ট থেকে সারা দেশের সিএনজি স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও তা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন যে, সরকার তাদের উত্থাপিত যৌক্তিক দাবি ও সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।




























