কুমিল্লায় শিক্ষিকার সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডে যুবক আটক
- আপডেট সময় : ০৬:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে কান্নায় ভেঙে পড়ে ড. নাহিদা বেগম বলেন, 'আমার এতটুকু ছেলে, তার কী দোষ ছিল? সে কী অন্যায় করেছিল যে তাকে এভাবে মেরে ফেলা হলো? আমি তো কুমিল্লায় শুধু চাকরি করতে এসেছি, এটাই কি আমার অপরাধ? আমি এখন কী নিয়ে বাঁচব?'
এই হত্যাকাণ্ডের ঘটনায় তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা তিনটার দিকে অপ্রতিম তার মায়ের আইফোনটি নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সন্তান নিখোঁজের ঘটনায় ওইদিন সন্ধ্যায় শিক্ষিকা নাহিদা বেগম কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আইফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করে। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের সানন্দা এলাকার একটি পাহাড়ি টিলা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২২


























