এশিয়ায় স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে ৪ অগ্রাধিকার দিলেন স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

চীনের হাইকোতে অনুষ্ঠিত বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম ২০২৬ হাইকো কনফারেন্সে এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি চারটি প্রধান অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করেছেন, যা হলো—ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা।
মন্ত্রী সম্মেলনে বাংলাদেশের ওষুধ শিল্পের শক্তিশালী অবস্থানের কথা উল্লেখ করে জানান, বর্তমানে দেশের উৎপাদিত ওষুধ বিশ্বের প্রায় ১৬০টি দেশে রপ্তানি হচ্ছে। চীনের বাজারে বাংলাদেশের ওষুধের প্রবেশাধিকার সহজ করার পাশাপাশি এপিআই উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা এবং স্মার্ট স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী বলে তিনি জানান।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, রোগ নির্ণয়, চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষায় এআই ব্যবহারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অনকোলজি, প্রিসিশন মেডিসিন, রোবোটিক সার্জারি, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা এবং দূরবর্তী রোগী পর্যবেক্ষণের মতো ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়াতে তিনি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান।
এশিয়ায় প্রবীণ জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি সুস্থ বার্ধক্য নিশ্চিত করার ওপর জোর দেন। এ ক্ষেত্রে পুনর্বাসন সেবা, সহায়ক প্রযুক্তি, জেরিয়াট্রিক সেবা এবং প্রবীণবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে টিকা গবেষণা, উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে দেশগুলোর যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।
সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এশিয়ার স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ নির্ভর করবে দেশগুলো কতটা কার্যকরভাবে সহযোগিতা, উদ্ভাবন এবং যৌথ দায়িত্ব ভাগ করে নেওয়ার ওপর। এশিয়ার স্বাস্থ্য খাতের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৯


























