সৈয়দপুরে কিশোরীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট: স্বামী-স্ত্রী ও দেবর গ্রেফতার
- আপডেট সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

ফেসবুকে এক কিশোরীর বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে এক দম্পতি ও তাদের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার নিজ বাসা থেকে সৈয়দপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— ওই এলাকার কামাল হোসেনের বড় ছেলে মো. শাকির রানা (৩০), তার স্ত্রী মোসা. মাহিনা ইসলাম শাম্মী (২৫) এবং ছোট ছেলে মো. সুজন (২৫)। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা নিজেদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও একটি ফেসবুক পেজ ব্যবহার করে ওই কিশোরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আসছিলেন।
এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর ০৭। মামলার এজাহারের ভিত্তিতে সোমবার দুপুরে আসামিদের নীলফামারী আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরীর বাবার দায়ের করা সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের নীলফামারী আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই খবরটি ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৭: ০৪ মিনিটে প্রকাশিত হয়।




























