ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রবাসীদের পোস্টাল ভোটের নিবন্ধন ২০ সেপ্টেম্বরের মধ্যে
- আপডেট সময় : ০১:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে আগে নিবন্ধিত ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের জন্যও নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
গত রবিবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন জানায়, যারা এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে ভোটদানের সম্মতি নিশ্চিত করার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটারদের কাছ থেকে সম্মতি পাওয়ার পরপরই সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে।
অন্যদিকে, প্রবাসে অবস্থানরত যেসব ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, তাদের জন্য আবারও নতুন করে নিবন্ধনের সুযোগ তৈরি করা হয়েছে। আগ্রহী প্রবাসীরা ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং উপনির্বাচনে পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় নিজেদের মতামত ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসে থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আধুনিক এই প্রযুক্তিভিত্তিক প্রক্রিয়া সচল রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রবাসী ভোটারকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


























