আজমিরীগঞ্জে আদালতের হাজত থেকে পালাল মাদক মামলার আসামি, রাতে গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৯
হবিগঞ্জের আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েছ মিয়া (২৮) নামের ওই আসামিকে পালানোর কয়েক ঘণ্টার মধ্যে উপজেলার শিবপাশা ইউনিয়ন থেকে আটক করা হয়। তবে আদালতের সুরক্ষিত হাজত থেকে কীভাবে একজন আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেলেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আজমিরীগঞ্জ থানার পুলিশ নোয়াগড় গ্রামে একটি অভিযান চালায়। এ সময় ২১ পিস ইয়াবাসহ কয়েছ মিয়াকে আটক করা হয়। পরদিন শুক্রবার বেলা ৩টার দিকে তাকে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতে পৌঁছানোর পর কোর্ট পুলিশের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) সুমন পাল তাকে আদালতের হাজতখানায় রেখে আসেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সুযোগ বুঝে হাজত থেকে কৌশলে পালিয়ে যান কয়েছ মিয়া।
আসামি পালানোর এই চাঞ্চল্যকর ঘটনার পর পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করতে তৎপরতা শুরু করে। অবশেষে শুক্রবার রাতেই উপজেলার শিবপাশা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আবার গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে আদালতের হাজতের দায়িত্বে থাকা এএসআই সুমন পালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২১ পিস ইয়াবাসহ আটক কয়েছ মিয়াকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছিল। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর রাতেই শিবপাশা থেকে তাকে পুনরায় আটক করা হয়েছে।
জেলা কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) আফছর উদ্দিন আহমদও আসামি পালানোর ও পরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।





























