চাকরির ভাইভায় বিশেষ নম্বর দিয়ে পাসের সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
- আপডেট সময় : ০২:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

চাকরির নিয়োগ পরীক্ষার ভাইভায় (মৌখিক পরীক্ষা) বিশেষ কোনো নম্বর দিয়ে কাউকে পাস করিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। প্রচলিত নিয়ম অনুসরণ করে সম্পূর্ণ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত ফল সেমিস্টারের নবীনবরণ (ফ্রেশার্স ওরিয়েন্টেশন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কেবল একটি চাকরি পাওয়া কিংবা পুঁথিগত জ্ঞান অর্জন করাই জীবনের একমাত্র ও মূল লক্ষ্য হওয়া উচিত নয়। দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচার নিয়ে সতর্কবার্তা দিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচার ছড়াচ্ছে। এর ফলে দেশের সাধারণ জনগণ এবং সরকার উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অপপ্রচারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর অপব্যবহার রোধেও সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশের গুরুত্বপূর্ণ পানিসম্পদ প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, বহুল আলোচিত পদ্মা ব্যারাজ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই বৃহৎ প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


























