বগুড়ায় শহীদ আব্দুল মালেক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিরোধীদলীয় নেতা
- আপডেট সময় : ০১:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বগুড়ায় দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত এবং তাঁর স্মরণে ‘শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সফরের সময় তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান তাঁদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। এ সময় তিনি শহীদ আব্দুল মালেকের ঐতিহাসিক আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং যেকোনো পরিস্থিতিতে এই শহীদ পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সফর ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চলের পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তৎকালীন পাকিস্তানে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রনেতা শহীদ আব্দুল মালেক। ১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে দুই পক্ষের সংঘর্ষের সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আত্মত্যাগের স্মৃতি ও দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ১৫ আগস্টকে ‘ইসলামী শিক্ষা দিবস’ হিসেবে পালন করে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৮



























