ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত: পাস হলো ছয়টি বিল
- আপডেট সময় : ০৯:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ৯টি বৈঠকের পর সমাপ্ত হয়েছে। গত ২৭ আগস্ট শুরু হওয়া এই অধিবেশনটি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। অধিবেশন সমাপ্তির সময় সংসদের কার্যক্রমের ওপর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
অধিবেশন চলাকালীন মোট ৯টি বৈঠকে ছয়টি বিল উত্থাপিত হয় এবং ছয়টি বিলই পাস হয়েছে। আইন প্রণয়নের পাশাপাশি এই সময়ে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এছাড়া একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যরা নোটিশ দিয়েছিলেন, যা বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৬৮ বিধিতে সাতটি নোটিশের মধ্যে দু’টি গ্রহণ করে আলোচনা করা হয়। ৭১ বিধিতে ১৫টি নোটিশের মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ৭১(ক) বিধিতে ১২৪টি, ১৪৭ বিধিতে দুটি এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়।
প্রশ্নোত্তরের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৪৪টি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য ২ হাজার ৬৭৬টি প্রশ্ন জমা পড়েছিল। মোট ২ হাজার ৮২০টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৯৩টির সরাসরি উত্তর পাওয়া গেছে এবং বাকিগুলো টেবিলে উত্থাপন করা হয়েছে।
সমাপনী বক্তব্যে সংসদীয় রীতিনীতি ও পারস্পরিক শ্রদ্ধার ওপর গুরুত্বারোপ করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মতপার্থক্যকে গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করে সংসদীয় রীতিনীতি সমুন্নত রাখার আহ্বান জানান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য বিরোধীদলীয় নেতা, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করা হয়। সবশেষে সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আদেশ পাঠ করে স্পিকার অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।



























