সুনামগঞ্জে ১ বছর ধরে তালাবদ্ধ ১৭ কোটির ডায়াবেটিক হাসপাতাল
- আপডেট সময় : ০২:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ পৌর শহরের আলীপাড়ায় হাওরাঞ্চলের মানুষের জন্য নির্মিত ৫০ শয্যার বিশেষায়িত ডায়াবেটিক হাসপাতালটি উদ্বোধনের এক বছর পরও চালু হয়নি। কোটি কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই ভবনটি নির্মিত হলেও প্রয়োজনীয় চিকিৎসা-যন্ত্রপাতি ও আসবাবপত্রের অভাবে এটি এখন তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে একদিকে যেমন বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় কোটি টাকা খরচে নির্মিত নতুন ভবনটি নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে।
হাওরাঞ্চলের রোগীদের বিশেষায়িত সেবা দিতে গৃহীত এই প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৭ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে শুধু হাসপাতাল ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১১ কোটি ৭৯ লাখ টাকার চুক্তিতে কাজ পায়। তবে ভবন হস্তান্তরের সময়ই সীমানাপ্রাচীর ও মেঝেতে ফাটলসহ বেশ কিছু ত্রুটি ধরা পড়ে। পরবর্তীতে এসব ত্রুটি সংশোধনের শর্ত দিয়ে ভবনটি বুঝে নেয় ‘সুনামগঞ্জ ডায়াবেটিক সমিতি’।
হাসপাতালটি চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও রোগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও সুনামগঞ্জে উন্নত চিকিৎসার সুযোগ না থাকায় বাধ্য হয়েই অতিরিক্ত টাকা খরচ করে সিলেট কিংবা ঢাকায় যেতে হচ্ছে রোগীদের। উপহার হিসেবে পাওয়া এই বিশেষায়িত হাসপাতালটি দ্রুত চালু করতে সরকারের প্রতি আকুল আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
হাসপাতালের জন্য জমি দান করেছিলেন যে ব্যক্তি, তাঁর সন্তান মো. সাদেক খন্দকার জানান, দরিদ্র মানুষের কষ্টের কথা বিবেচনা করে তাঁর বাবা এই জায়গাটি দান করেছিলেন। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও হাসপাতালটি চালু না হওয়ায় দরিদ্র রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা ফাত্তাহ কাওসার এবং দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত রোগী রওনক বখত বলেন, কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা একটি ভবন এভাবে ফেলে রাখা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনোওয়ার আলী জানান, ভবন বুঝে পেলেও চিকিৎসা-যন্ত্রপাতি ও ফার্নিচার এখনো তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি। কিছু সরঞ্জাম কেনা হয়েছে বলে শুনলেও সেগুলো তাঁরা বুঝে পাননি। প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম পেলেই দ্রুততম সময়ে হাসপাতালটিতে চিকিৎসাসেবা চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩৩



























