প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সব প্রশ্নই সরকারি দলের, সংসদে বিরোধী দলের ক্ষোভ
- আপডেট সময় : ০৬:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত তারকা চিহ্নিত সবকটি প্রশ্নই সরকারি দলের সংসদ সদস্যদের কাছ থেকে আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই অসন্তোষের কথা জানান।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে যে আটটি তারকা চিহ্নিত প্রশ্ন রাখা হয়েছে, তার সবগুলোই সরকারি দলের সদস্যদের। অথচ বিরোধী দলের সংসদ সদস্যরাও নিয়ম অনুযায়ী প্রশ্ন জমা দিয়েছিলেন। অতীতে স্পিকার তাদের অন্তত চারটি প্রশ্নের সুযোগ দিলেও এবার সবকটি সুযোগই সরকারি দলের সদস্যদের দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দলের সংসদ সদস্যদের বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি এবং ভবিষ্যতে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখার অনুরোধ করেন।
নাহিদ ইসলামের এই অভিযোগের জবাবে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বর্তমান সরকার সবসময়ই জনগণের কাছে জবাবদিহি করতে প্রস্তুত এবং এটি একটি অত্যন্ত জবাবদিহিমূলক সরকার। তবে প্রশ্ন বরাদ্দের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হয় না, বরং নিয়ম ও অগ্রাধিকারের বিষয়টিই প্রাধান্য পায়। তিনি স্পষ্ট করে বলেন, নিয়ম অনুযায়ী যিনি আগে প্রশ্ন জমা দেবেন, তিনিই আগে সুযোগ পাবেন। এটি সম্পূর্ণ একটি পদ্ধতিগত বিষয় এবং মাননীয় স্পিকার এটি নির্বাচন করেন। বিরোধী দলের সদস্যরা পিছিয়ে পড়াকে তাদের নিজস্ব সীমাবদ্ধতা উল্লেখ করে তিনি সবাইকে সময়মতো প্রশ্ন জমা দেওয়ার প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রশ্ন জমা দেওয়ার পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেন। তিনি জানান, প্রশ্ন জমার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সিরিয়ালকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এই প্রসঙ্গে নিজের পুরোনো অভিজ্ঞতার কথা স্মরণ করে স্পিকার বলেন, অতীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিছানাপত্র নিয়ে আগের রাতেই প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে অবস্থান নিতেন। এমনকি আরও কয়েকজন সদস্য বা তাদের ব্যক্তিগত সহকারীরাও সেখানে রাত কাটিয়ে নিজেদের অগ্রাধিকার নিশ্চিত করতেন।
সংসদ সদস্যদের মধ্যে প্রশ্ন জমা দেওয়া নিয়ে সব সময়ই একটি তুমুল প্রতিযোগিতা থাকে উল্লেখ করে স্পিকার বিরোধী দলের সদস্যদেরও সেই ঐতিহ্য ও নিয়ম অনুসরণ করার পরামর্শ দেন। তিনি তাদের আগেভাগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার তাগিদ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৩



























