ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে এক স্বেচ্ছাসেবক দল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তাঁর মৃত্যু হয়। এ সংক্রান্ত তথ্য ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২: ১৫ মিনিটে নিশ্চিত হওয়া গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি আকিব। পরে বুধবার ভোরে কে বা কারা তাকে গুরুতর আহত অবস্থায় একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে তার বাবা আনিসুর রহমান দ্রুত হাসপাতালে ছুটে যান।
নিহতের বাবা আনিসুর রহমান বলেন, তার ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আকিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে এখনো কিছু জানতে পারেননি তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, নিহতের শরীরে ধারালো কোনো অস্ত্রের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে মারধর করা হয়েছে এমন চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। মারধরের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত আকিব ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদি হাসানের সমর্থক ছিলেন। তিনি পূর্বে মেহেদি হাসানের শ্যালো ইঞ্জিনচালিত নৌকা চালাতেন। স্থানীয়দের দাবি, সাঁড়া ও ইসলামপাড়া ঘাট এলাকায় বালুমহালের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেদি হাসান ও কাকন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে ওই এলাকায় মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনাও ঘটে থাকে।


























