রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আজ, ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা
- আপডেট সময় : ০২:১৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এই আয়োজনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বঙ্গভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে। ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলকারী যানবাহনকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করতে বলা হয়েছে। প্রয়োজনে বাসগুলোকে অন্য সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি জানিয়েছে, দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না। অন্যদিকে, হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে হবে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে ডিএমপি।


























