কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় রদবদল, আসতে পারেন নতুন মুখ
- আপডেট সময় : ১১:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাষ্ট্র পরিচালনার প্রথম ছয় মাস পূর্ণ করার পর মন্ত্রিসভায় রদবদল ও নতুন মুখ যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা শেষে সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সরকার ও বিএনপিদলীয় বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানিয়েছে, আজ অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের দু-একদিন পরই মন্ত্রিসভা পুনর্গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আলোচনায় রয়েছে, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ-সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ-সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ দুই নেতা জানিয়েছেন, তারা বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনলেও বুধবার বিকেল পর্যন্ত সরকারের শীর্ষ মহল থেকে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। পরবর্তীতে শারীরিক অসুস্থতার কারণে গত ১ জুন তিনি পদত্যাগ করায় প্রায় দুই মাস ধরে পদটি শূন্য রয়েছে। বর্তমানে এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যিনি একই সাথে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলাচ্ছেন।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে সব ঠিক থাকলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে যাবেন। ফলে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে। ধারণা করা হচ্ছে, কোনো সিনিয়র মন্ত্রীকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। আর তিনি সেখানে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সূত্র মতে, আগামী ২২ আগস্টের মধ্যে এই তিন মন্ত্রণালয়ে রদবদল সম্পন্ন হতে পারে। তবে সম্প্রতি পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে জানান, মন্ত্রিসভার রদবদল এবং তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো খবরে তিনি বিব্রত বোধ করছেন।
মন্ত্রিসভা পুনর্গঠন প্রক্রিয়ায় সংসদ সদস্যদের পাশাপাশি বিএনপি ও সমমনা দলগুলোর দু-একজন নেতাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে। এ তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, সংসদ-সদস্য আন্দালিব রহমান পার্থ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ড. আসাদুজ্জামান রিপনের নাম আলোচনায় রয়েছে। এছাড়া সংসদের বর্তমান হুইপদের মধ্য থেকেও এক-দুজনকে মন্ত্রী করা হতে পারে।
একই সাথে, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মামলা, হামলা ও চরম নির্যাতন সহ্য করেও যারা যথাযথ মূল্যায়ন পাননি, বিএনপির এমন ‘বঞ্চিত’ নেতারাও এই পুনর্গঠনের দিকে তাকিয়ে আছেন। তাদের মধ্যে শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিব উন নবী খান সোহেলের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।



























