দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ঝরল ১৬ প্রাণ
- আপডেট সময় : ১১:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের ১১টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে।
দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানে ঘটা এসব দুর্ঘটনার মধ্যে কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায় বড় ধরনের দুটি দুর্ঘটনা ঘটেছে। এই দুই জেলায় নারীসহ মোট ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন প্রাণ হারিয়েছেন।
একই দিনে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী, গোপালগঞ্জ ও যশোরে পৃথক দুর্ঘটনায় আরও ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। বিকেল ৬টায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কের টিয়াগাছা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এক কারখানা শ্রমিক প্রাণ হারিয়েছেন।
বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের দিগনগর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হন। একই সময়ে মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উশিয়া মানা বে ওয়াটার পার্কের সামনে লং হেভিকেলের ধাক্কায় এক মোটরসাইকেল চালক এবং যশোরের বেনাপোল ভবেরবেড় বাইপাস সড়কে লোহার গ্রিল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এছাড়া দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।



























