১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কেনার অনুমোদন পেল সরকার
- আপডেট সময় : ০৮:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর লক্ষ্যে চারটি ভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে উত্থাপিত এই প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদে মোট ১১৭ কার্গো এলএনজি কেনা হবে। এই চুক্তির আওতায় ২০২৬ সালে পাঁচ কার্গো, ২০২৭ সালে ছয় কার্গো এবং ২০২৮ সালে তিন কার্গো এলএনজি জেকে এম সূচকের সঙ্গে প্রতি এমএমবিটিইউ শূন্য দশমিক শূন্য ৮৭৫ মার্কিন ডলার যোগ করে কেনা হবে।
এছাড়া সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ছয় কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে দুই কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ১৫ দশমিক ৫০ মার্কিন ডলার দরে এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে দুই কার্গো এলএনজি জেকে এম সূচকের সঙ্গে প্রতি এমএমবিটিইউ শূন্য দশমিক ৫৪ মার্কিন ডলার যোগ করে কেনা হবে।
পাশাপাশি হংকংয়ের ঝেনইউ শিপিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এই এলএনজিগুলো প্রতি এমএমবিটিইউ ১৪ দশমিক ৯৫ মার্কিন ডলার দরে কেনা হবে বলে সুপারিশ করা হয়েছে।

























