সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন নামঞ্জুর
- আপডেট সময় : ০৪:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ডনের পক্ষে তাঁর আইনজীবীরা আদালতে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত জামিন নামঞ্জুর করার সিদ্ধান্ত নেন। এর আগে গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব যাওয়ার চেষ্টা করার সময় ডনকে গ্রেপ্তার করা হয়। এরপর মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন জানালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘ ২৯ বছর ধরে নানা আলোচনা ও বিতর্ক চলছে। দীর্ঘ সময় পর গত বছরের অক্টোবরে সালমান শাহর মা নীলা চৌধুরীর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশেই এই মামলাটি করা হয়।
এই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক এবং অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি এবং আগামী ৩০ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।



























