মাদারীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় তিনজনকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৭:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঢাকিকান্দি গ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন ঢাকিকান্দি গ্রামের আব্দুস ছালাম মোল্লার দুই ছেলে আবু তালেব মোল্লা (৩০) ও মোতালেব মোল্লা (২৫) এবং রশিদ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চরদৌলতখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাথাভাঙা এলাকার মৃত দেলোয়ার মোল্লার ছেলে কবির মোল্লা (৩৫), হুমায়ুন মোল্লা (৩৩), হাসু মোল্লা (৩৮), খবির মোল্লা (৩০) এবং খালেক মোল্লার ছেলে আনোয়ার মোল্লাসহ অন্তত ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। হামলাকারীরা রামদা ও চাপাতি ব্যবহার করে আহতদের হাত, পা ও পিঠে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
আহতদের স্বজনদের দাবি, স্থানীয় আব্দুল মান্নান মোল্লার প্রত্যক্ষ মদদ ও হুকুমেই এই নৃশংস হামলা চালানো হয়েছে। হামলার সময় ভুক্তভোগীদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের দ্রুত ঢাকায় পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে কালকিনি থানার সেকেন্ড অফিসার জোবায়ের হোসেন ও এসআই বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



























