সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ, পরিপত্র জারি
- আপডেট সময় : ০৫:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

দেশের সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করার লক্ষ্যে জরুরি নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১০ আগস্ট) জারি করা এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগই সৌরবিদ্যুৎ হতে হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য বলা হয়েছে।
এর আগে, গত ৩ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক বিশেষ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশনা দেন। একই সাথে দেশে সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদান এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দেন তিনি।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।


























