ইউল্যাবে রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা ১৪৩৩ উদযাপন

- আপডেট সময় : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে গত ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের ফোরাম হলে ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষা বন্দনা ১৪৩৩’ শীর্ষক অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সাহিত্য, সংগীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে সাজানো এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, তাঁদের মানবিক দর্শন এবং সৃষ্টির চিরন্তন প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির দ্য ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টারের একাডেমিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. আহমেদ শামীম। তিনি ‘আমার রবীন্দ্রনাথ ও আমার নজরুল’ শীর্ষক আলোচনায় কবিদের ব্যক্তিগত জীবন, পাঠ এবং চিন্তার জগতের সঙ্গে নিজের সংযোগের বিষয়টি উপস্থাপন করেন।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শামীম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন কেবল কবিদের স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, যাঁর আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য এবং বর্ষাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


























