মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা

- আপডেট সময় : ১১:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশটির স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনের সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষ্যে তিনি এই সফরে গিয়েছেন। শনিবার মালদ্বীপ পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম তাকে স্বাগত জানান।
ড. খলিলুর রহমানের এই সফরকে দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও তরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে ভিত্তি হিসেবে কাজ করবে।
সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. খলিল। ওই বৈঠকে দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালদ্বীপ সফরের প্রসঙ্গটি উঠে আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। সফর শেষে আগামী ২৭ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।
























