আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই নির্বাচন হবে নিরপেক্ষ। জনপ্রতিনিধিদের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে।
জনপ্রতিনিধিদের অধিকার ও দায়িত্ব নিয়ে মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছা করলেই বরখাস্ত করা উচিত নয়। এছাড়া চেয়ারম্যান ও মেম্বারদের ভাতার বিষয়টি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে একটি সম্মানজনক জায়গায় নিয়ে আসার চেষ্টা করবেন বলেও তিনি জানান।
ত্রাণ বিতরণ ও সরকারি সহায়তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গরিবের হক যেন নষ্ট না হয় এবং ত্রাণ যেন সঠিকভাবে বণ্টন করা হয়। এ বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে উল্লেখ করে তিনি এই কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, অতীতের নিয়ম পরিবর্তন করে এখন থেকে ত্রাণের বরাদ্দ এপ্রিলের পরিবর্তে সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। এর ফলে বাকি চার মাস ত্রাণ বণ্টনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


























