গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যু: সৈয়দ আশফাকুল দম্পতির চার্জ শুনানি পেছাল

- আপডেট সময় : ০৭:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

গৃহপরিচারিকা প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই নতুন তারিখ ধার্য করেন। শুনানির দিনে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার অভিযোগ গঠনের বিষয়ে সময় চেয়ে আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের বাসিন্দা প্রীতি উরাং ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় প্রায় দুই বছর ধরে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে বাসার ড্রয়িং স্পেসের জানালার নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাঁচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রীতি মারা যান। এ ঘটনায় তার বাবা লোকেশ উরাং বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তদন্ত শেষে ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) এস এম মাহমুদ রেজা গত ৩১ মার্চ এই দম্পতির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক প্রক্রিয়া শুরুর জন্য গত ১৬ জুন মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, অভিযুক্ত সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকার প্রায় চার মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত জুন মাসে মুক্তি পান।

























