বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন মিসবাহ উল আজীম
- আপডেট সময় : ১১:১৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই পর্যন্ত তাঁর দায়িত্বে বহাল থাকবেন। উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নৌবাহিনীর চৌকস কর্মকর্তা মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ব্যাচে (৮৭এ) তিনি জ্যেষ্ঠতা ও মেধা—উভয় তালিকাতেই প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছিলেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন।
শিক্ষাজীবনে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখা মিসবাহ উল আজীম এসএসসি ও এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। তাঁর অসামান্য শিক্ষাগত অর্জনের জন্য তিনি রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস), ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
দীর্ঘ কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের শান্তি মিশনেও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন।




























