নিউ ইয়র্কে মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরীকে প্রবাসী সাংবাদিকদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:৪৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র সফররত দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সম্পাদক মাহবুবা চৌধুরীকে ঘিরে নিউ ইয়র্কে প্রবাসী সাংবাদিকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত ঘরোয়া এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি স্মৃতিচারণ, আড্ডা এবং গণমাধ্যমভিত্তিক আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে। মতিউর রহমান চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অনেক সহকর্মী আলোচনায় অংশ নিয়ে তার কর্মময় জীবন ও সাংবাদিকতা দর্শনের ওপর আলোকপাত করেন। তারা তাকে কেবল একজন সম্পাদক নয়, বরং অভিভাবক ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে অভিহিত করেন। অনেকেই তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজেদের সাংবাদিকতা জীবনের সেরা সময় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আপসহীন থেকে মতিউর রহমান চৌধুরী সবসময় তরুণ সাংবাদিকদের পথ দেখিয়েছেন। তিনি নিজে যেমন সাহসী সাংবাদিকতা করেছেন, তেমনি অন্যদেরও উৎসাহিত করেছেন। নিজের বক্তব্যে মতিউর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়বদ্ধতার জায়গা। সহকর্মীদের সঙ্গে কাটানো সময়গুলো তার জীবনের বড় সম্পদ এবং সবার ভালোবাসা ও শ্রদ্ধাই তাকে নতুন করে কাজ করার সাহস জোগায়। একজন সাংবাদিকের আসল পরিচয় হওয়া উচিত তিনি সাংবাদিক, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই নিজেদের সাংবাদিক পরিচয়ের চেয়ে রাজনৈতিক পরিচয় দিতে বেশি ভালোবাসেন বলে তিনি মন্তব্য করেন। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পরিস্থিতি পাল্টাতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
বাংলাদেশ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ৫৫ বছরের বাংলাদেশে অনেক দেশ স্বাধীন হয়েও এগিয়ে গেছে, কিন্তু আমরা একে অপরকে পেছন থেকে টানছি। নতুন সরকার আসার পর বাংলাদেশ নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং রাজনীতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। তিনি বলেন, আমাদের রাজনীতি আমরা ঠিক করছি না, বরং নিয়ন্ত্রিত হচ্ছি। এই নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারলে বাংলাদেশ সঠিক পথে যাবে না।
অনুষ্ঠানে মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী প্রবাসে থেকেও সাংবাদিকতা চর্চা করে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম এবং মানবজমিনের সাবেক মহাব্যবস্থাপক আশরাফুল নওশাদ। সভায় মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিদ্দিকুর রহমান সুমন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন, আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, প্রবীণ সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা, মঈনুদ্দীন নাসের, আনোয়ার হোসাইন মঞ্জু, আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান, ইব্রাহিম চৌধুরী খোকন, আকবর হায়দার কিরণ, শহীদুল ইসলাম, ফরিদ আলম, নিহার সিদ্দিকী, শফিকুল ইসলাম লুতু, দর্পণ কবীর, শওকত ওসমান রচি, মুজাহিদ আনসারী, রানো নেওয়াজ, আফরোজা ইসলাম, নাশরাত আর্শিয়ানা চৌধুরী, মনিজা রহমান, তোফাজ্জল লিটন, আপেল মাহমুদ, সাখাওয়াত হোসেন সেলিম, মেরি জোবাইদা, নাসিমা আক্তার শাহানা, অনিক রাজ, হাসান মাহমুদ, সায়েম আহমেদ, আবু বকর সিদ্দিক এবং কার্টুনিস্ট টিপু আলম।




























