ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ব্যয় গোপনের অভিযোগ মার্কিন সিনেটরের
- আপডেট সময় : ১০:৫৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ইরান যুদ্ধের ব্যয় ও ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার চেষ্টা করছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই গুরুতর অভিযোগ তোলেন।
সিনেটর মারফি জানান, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য তিনি অনুমতি চেয়েছিলেন, কিন্তু তাকে সেই অনুমতি দেওয়া হয়নি। পেন্টাগনের কর্মকর্তারা এর পেছনে নিরাপত্তাঝুঁকির অজুহাত দেখালেও মারফি একে ‘মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেন, অতীতে যখন ইরাক ও আফগানিস্তানে পুরোদমে যুদ্ধ চলছিল, তখনও তার মার্কিন সামরিক অবস্থানগুলো পরিদর্শনের অভিজ্ঞতা রয়েছে।
নিজের অবস্থান ব্যাখ্যা করে মারফি বলেন, ‘এটি নিরাপত্তার প্রশ্ন নয়। এটি তথ্য গোপনের চেষ্টা।’
তিনি আরও অভিযোগ করেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে নিয়োজিত মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা তাকে কোনো ধরনের ব্রিফিং দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি মার্কিন দূতাবাসেও তাকে এ বিষয়ে কোনো তথ্য বা ব্রিফিং দেওয়া হয়নি।
তবে পররাষ্ট্র দপ্তরের বিশেষ অনুমতি নিয়ে দূতাবাসে হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেখার সুযোগ পেয়েছিলেন এই সিনেটর। সেখানকার ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে তিনি একে ‘ব্যাপক’ বলে উল্লেখ করেন।
মারফির মতে, ইরান যুদ্ধের প্রকৃত আর্থিক ব্যয়, ক্ষয়ক্ষতি এবং সামরিক ব্যর্থতার তথ্য যেন জনগণের সামনে প্রকাশ না পায়, তা নিশ্চিত করতেই প্রতিরক্ষা দপ্তর পরিকল্পিতভাবে তথ্য গোপনের এই পথ বেছে নিয়েছে।





























