মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
- আপডেট সময় : ০৮:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নারী বন্দির সাজা কার্যকরে ব্যর্থতার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেখানকার কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডা। ক্রিস্টা পাইক নামের ওই বন্দিকে দুই ডোজ বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরও তিনি বেঁচে যান। এ ঘটনার পর টেনেসির গভর্নর বিল লি শনিবার জানান, চলতি মাসেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন স্ট্রাডা।
কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডা নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই ডোজ ইনজেকশন প্রয়োগ করা হলেও তিনি বেঁচে আছেন। এই নজিরবিহীন ঘটনার তদন্ত চলছে। উদ্ভূত পরিস্থিতিতে টেনেসির জনগণের স্বার্থ বিবেচনা করে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড গত বুধবার সকাল ১০টায় কার্যকর করার কথা ছিল। এটি সফল হলে বিগত ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে টেনেসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম কোনো নারীর সাজা কার্যকর হতো। কিন্তু পরপর দুটি ইনজেকশন দেওয়ার পরও তার মৃত্যু না হওয়ায় দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আইনি নথি অনুযায়ী, বর্তমানে ক্রিস্টা পাইককে টেনেসির ন্যাশভিলের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার আইনজীবীরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার পুরো প্রক্রিয়াজুড়ে ক্রিস্টা কাঁদছিলেন এবং উচ্চশব্দে শ্বাস নিচ্ছিলেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি অচেতন অবস্থায় কৃত্রিম শ্বাসপ্রশ্বাস বা লাইফ সাপোর্ট ব্যবস্থায় ছিলেন।
মৃত্যুদণ্ড কার্যকরের এই ব্যর্থতার পর ক্রিস্টার আইনজীবীরা তার সাজা কমানোর জন্য আবেদন করেছেন। পাশাপাশি, গত শুক্রবার তারা মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ার সঙ্গে জড়িত সব আলামত সংরক্ষণের জন্য আদালতে একটি জরুরি আবেদন দাখিল করেন। কারাপ্রধান ফ্রাঙ্ক স্ট্রাডার পদত্যাগকে তারা যৌক্তিক বলে বর্ণনা করলেও এটি ক্রিস্টার আইনি লড়াইয়ে সরাসরি কোনো সুবিধা দেবে না বলে মন্তব্য করেছেন।




























