ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংঘর্ষ: এক দিনে গ্রেপ্তার ১,৭৪৭
- আপডেট সময় : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাজধানী প্যারিস থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দের দাবিতে দেশটির সাত শর বেশি হাইস্কুলের শিক্ষার্থীরা রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। গত শুক্রবার এই আন্দোলন বিভিন্ন শহরে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, শুধু গতকালই ১ হাজার ৭৪৭ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারমন্ত্রী জেরার্ড দারমানিন বলেন, পরিস্থিতি এখন আর কেবল হাইস্কুল শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঘটনায় রূপ নিয়েছে। তার তথ্যমতে, সহিংস বিক্ষোভের ফলে ফ্রান্সের ৩ হাজার ৭০০টি বিদ্যালয়ের মধ্যে অন্তত ৭৩৫টি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের কাছ থেকে পেট্রলবোমা, কুঠার ও আতশবাজির মতো সামগ্রী জব্দ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশজুড়ে চলা এই বিক্ষোভে অন্তত ৬৫ জন কর্মী আহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ফরাসি টিএফ-১ টেলিভিশনকে বলেন, দাঙ্গা ও নগর সহিংসতার দিকে পরিস্থিতি মোড় নিচ্ছে এবং তা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, উত্তর-পূর্ব ফ্রান্সের বেলফোর শহরে এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। বিবিসি যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, একদল তরুণ ওই পুলিশ সদস্যকে ধাওয়া করে মাটিতে ফেলে মাথায় বারবার ঘুষি ও লাথি মারছেন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বিএফএম টিভিকে জানিয়েছেন, শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের লোকজনও এই বিক্ষোভে ঢুকে পড়েছেন। বিক্ষোভের ধরন বিভিন্ন জায়গায় ভিন্ন ছিল; যেমন পান্তিন এলাকায় পুলিশের দিকে বস্তু নিক্ষেপ করা হয়েছে, স্ট্রাসবুর্গে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে এবং রেন ও প্যারিসে আবর্জনার ঝুড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১৬ বছর বয়সী শিক্ষার্থী লোলা এএফপিকে বলেছে, পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস প্রয়োগ করায় ক্ষোভ আরও বেড়েছে। সে দাবি করে, পুলিশের ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করেছে।























