ইরানি প্রতিনিধিদলের সদস্যদের ভিসা দিতে অস্বীকৃতি জানাল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরের অপেক্ষায় থাকা ইরানের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যোগাযোগ দলের সদস্যরাও এই ভিসা না পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের মুখে ইরান যখন যুদ্ধের পরিস্থিতিতে রয়েছে, তখন দেশটির সর্বোচ্চ পর্যায়ের নেতা হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। একই তথ্য প্রকাশ করেছে ইরানের মেহের বার্তা সংস্থা, যারা প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে যে বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ভাষণ দেবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তথ্য পাওয়ার অধিকার পদদলিত করার অভিযোগ তুলেছেন। তিনি হোয়াইট হাউসের সংবাদ পরিবেশন নীতি নিয়ে বিতর্কের জের ধরে তিনটি মার্কিন সংবাদমাধ্যমকে প্রবেশ করতে না দেওয়ার সাম্প্রতিক ঘটনার সঙ্গে এর তুলনা করেছেন।
তবে সামগ্রিকভাবে ইরানের প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যদিও গতবারের মতো এবারও তাদের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের সদস্যরা বিলাসপণ্যসহ নির্দিষ্ট কিছু পণ্য কেনাকাটা করতে পারবেন না। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার সন্ধ্যায় প্রতিনিধিদলের সদস্য হিসেবে দেশ ছেড়েছেন এবং তিনি কাতারে যাত্রাবিরতি করছেন। ইরান জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় তারা কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস পরিবহণের নৌপথ পুনরায় চালুর শর্ত যুক্তরাষ্ট্রের কাছে জানিয়েছে। যুদ্ধের শুরু থেকে এই নৌপথ বন্ধের চেষ্টার বিপরীতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করে রেখেছে।




























